রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে ময়মনসিংহ শহরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, মহিলা পরিষদ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখা, নাগরিক সংগঠন জনউদ্যোগ, ময়মনসিংহ সাহিত্য সংসদ, আইইডি, স্বাবলম্বী উন্নয়ন, সারা সংস্থা, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এবং অনসাম্বল থিয়েটার মানববন্ধনটির আয়োজন করে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, অভিযুক্ত ধর্ষকের বাবা আপন জুয়েলার্সের মালিক কোটি টাকা দিয়ে পুলিশ কিনে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন। কিন্তু মানুষের সোচ্চার দাবির মুখে অবশেষে মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দেশকে নারীদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে হবে। তাঁরা আপন জুয়েলার্সের পণ্য বর্জনের আহ্বান জানান।
বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।