শাহ আমানতে ড্রোন ও স্টান গান জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে একটি ড্রোন (দূর নিয়ন্ত্রিত উড়ন্ত যান) ও অচেতন করার একটি যন্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোলায়মান নামে দুবাই থেকে আসা ওই যাত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

জব্দ করা ড্রোনটি এইচডি ক্যামেরা সংবলিত। চীনের তৈরি এ উড়ন্ত যানের প্যাকেটের গায়ে লেখা আছে: ওজন ১৬০ গ্রাম। এটি দিয়ে ওপর থেকে সরাসরি তোলা কোনো জায়গার স্থিরচিত্র ও ভিডিও স্মার্টফোনে দেখা যাবে। প্যাকেটে উল্লেখ আছে, ‘টি সিরিজ ২.৪ গিগাহার্টজ কোয়াডকপ্টার উইথ অ্যানলোকার্ড ক্যামেরা’। এ ছাড়া অচেতন করার যন্ত্রটির প্যাকেটে লেখা আছে, ‘সিকিউরিটি প্লাস স্টান গান, হাই কোয়ালিটি ডিফেন্স ওয়েপন্স, ওয়ান মিলিয়ন ভোল্টস’।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ আজ বুধবার দুপুরে তাঁর নিজ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘ড্রোন ও যন্ত্রটি জব্দ করার পর গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পরীক্ষা করেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এই দুটি মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।’
হোসাইন আহমেদ আরও বলেন, ‘ড্রোনটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ও ভিডিওচিত্র সরাসরি আদান-প্রদান করা যাবে। এটি তিন থেকে চার তলা উচ্চতা পর্যন্ত উড়তে পারবে। স্টান গান (অচেতন করার যন্ত্র) ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো মানুষকে অজ্ঞান করা যায়।’
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সোলায়মান নামে ওই যাত্রী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে (বিজি-০৪৮) করে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে অবতরণ করেন। বিমানবন্দর ত্যাগ করার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগ তল্লাশি করে যন্ত্র দুটি উদ্ধার করেন। এ সময় তাঁকে আটক করা হয়। দিনভর পরীক্ষা-নিরীক্ষা করে দিবাগত রাত একটার দিকে কর্মকর্তারা নিশ্চিত হন, এ দুটি যন্ত্র খেলনা নয়। এগুলো অন্য কোনো কাজে ব্যবহারের জন্য আনা হতে পারে। এরপর আজ বুধবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা জহির আলী এ নিয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে জানান, ‘ওই যাত্রী এসব পণ্যের বিবরণ ব্যাগেজ ঘোষণা ফরমে উল্লেখ করেননি। এ ছাড়া তিনি আমদানি-নীতি আদেশ ও শুল্ক আইনের ১৬ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন।’ জব্দ পণ্যগুলো কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় জমা দেওয়া হয়েছে।
আটক সোলায়মানকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি পটিয়ার সাত নম্বর ওয়ার্ডের কালারপোল এলাকায়। আটকের পর সোলায়মান সাংবাদিকদের বলেন, ‘স্টান গান ও ড্রোন খেলনা হিসেবেই আনা হয়েছে। এগুলো দুবাইয়ের বাজারে সামান্য দামে পাওয়া যায়।’ সুজন বড়ুয়া নামে তার এক বন্ধুর জন্য এগুলো আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দুবাইতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে তার। মাঝে মাঝে দেশে আসেন তিনি। চোরাচালানের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১ (বি) ধারায় এই মামলা হয়। আটক সোলায়মানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’