শাহ আমানতে তিন লাখ শলাকা সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৯৮ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রোববার সকালে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে গতকাল রোববার সকালে এয়ার অ্যারাবিয়ার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে মো. ইসমাইল আলীর নামে চালানটি চট্টগ্রামে আনা হয়। উড়োজাহাজ থেকে পণ্য খালাসের পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫টি ব্যাগ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। এসব ব্যাগে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৭৬২ কার্টন বিদেশি সিগারেট রয়েছে। শুল্ক-করসহ এসব সিগারেটের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রথম আলোকে বলেন, গৃহস্থালি সামগ্রীর মিথ্যা ঘোষণা দিয়ে এসব সিগারেট আনা হয়। এ কারণে এগুলো জব্দ করা হয়েছে। আবার আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট আমদানি করতে হলে মোড়কে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বাক্যটি লেখা থাকতে হয়। কিন্তু আমদানি নীতি আদেশও লঙ্ঘন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ৬০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৪৪ হাজার শলাকা সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।