শাহ আমানতে পৃথক দুটি ঘটনায় ৫৮টি সোনার বার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল পৃথক দুটি ঘটনায় ৫৮টি সোনার বার জব্দ করেছেন কাস্টমসের কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৫৪টি সোনার বার জব্দ করেছেন কাস্টমসের কর্মকর্তারা। জব্দ করা বারের ওজন ৬ কেজি ২৯৮ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা প্রথম আলোকে জানান, ওমানের মাস্কট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশি চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। যাত্রীদের আসনের ওপরে ও নিচে এসব সোনার বার ছিল। সোনার বারের মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে দুবাই থেকে আসা এক যাত্রীকে তল্লাশি করে পাওয়া গেল চারটি সোনার বার। ৪৬৬ গ্রাম ওজনের এসব সোনার বার
যাত্রীর জুতা ও অন্তর্বাস থেকে উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা সোনার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনার বার জব্দ করা হয়। এ ঘটনায় আবদুল মান্নান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মালেকিন নাসির আকন্দ প্রথম আলোকে জানান, দুবাই থেকে
‘ফ্লাই দুবাই’ নামের একটি উড়োজাহাজে করে সকাল নয়টায় যাত্রী আবদুল মান্নান চট্টগ্রামে আসেন। তাঁকে তল্লাশি করে এসব সোনার বার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে।