শাহ আমানতে ১ কেজি সোনাসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম ওজনের সোনার বার ও অলংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক যাত্রী মোহাম্মদ নুরু উদ্দিনের বাড়ি ফটিকছড়িতে। তাঁর হাতব্যাগ থেকে ১০টি সোনার বার ও ১০০ গ্রাম অলংকার জব্দ করা হয়। জব্দ করা সোনার দাম ৪৬ লাখ টাকা।
কর্মকর্তারা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন আইরিন’ পরিচালনার সময় ওই যাত্রীর কাছ থেকে সোনা জব্দ করা হয়। আটক যাত্রী এ বছর ছয়বার দুবাই থেকে বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তিনি কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।