শাহ আমানতে ১০ কোটি টাকার সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার দুপুরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২৩ দশমিক ৩২৮ কেজি। এসব সোনার দাম প্রায় ১০ কোটি টাকা। তল্লাশির সময় ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের সিসাও উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা প্রথম আলোকে বলেন, শারজাহ থেকে সোমবার রাত দেড়টায় এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে করে ব্যাগটি আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে স্বর্ণ ও সিসা উদ্ধার করা হয়। তবে ব্যাগটি কোন যাত্রী এনেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া সিসা আমদানি নিষিদ্ধ। এগুলো নেশাজাতীয় পণ্য।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।