শাহ আমানতে ১৬ কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার সকালে ৩২৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস বলছে, এসব বারের ওজন প্রায় ৩৮ কেজি। বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিমানবন্দরের টয়লেট ও দুজন যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীরা হলেন মোহাম্মদ হোসেন ও রুবেল খাকি। তারা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী।

বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, সকালে কাস্টমস কমিশনারের কাছ থেকে তিনি সোনা আসছে বলে খবর পান। সকাল পৌনে সাতটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮ বিমানবন্দরে পৌঁছায়। তল্লাশি চালিয়ে বিমানবন্দরের কয়েকটি টয়লেটের কমোডের পেছনে পরিত্যক্ত অবস্থায় ২৬০টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৩১ কেজির একটু বেশি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ফখরুল আলমের ভাষ্য, টয়লেট থেকে হওয়ার সময় রুবেল খাকির কাছ থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন তিন কেজির একটু বেশি বলে তিনি দাবি করেন।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজের ভাষ্য, পরে মোহাম্মদ হোসেন নামের এক যাত্রীর প্যান্টের ভেতর থেকে ৩৭টি সোনার বার বের করা হয়। বারগুলোর ওজন চার কেজি ৩১০ গ্রাম। আটক যাত্রীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

আটক যাত্রীদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলে জানানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া সোনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।