শাহ আমানতে ৪০ সোনার বারসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪০টি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে আবদুস শুকুর নামের এক যাত্রীর ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৪ গ্রাম ওজনের এসব সোনার বার জব্দ করা হয়। তাঁকে আটক করা হয়েছে।
এসব সোনার বারের মূল্য প্রায় দুই কোটি টাকা। আবদুস শুকুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মালিকিন নাসির আকন্দ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওমান এয়ারের একটি উড়োজাহাজে করে মাসকট থেকে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন শেষ করে বহির্গমন ফটক দিয়ে বের হওয়ার সময় যাত্রী আবদুস শুকুরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগে একটি চার্জার লাইট এবং পোশাকের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
মালিকিন নাসির জানান, আটক ব্যক্তিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে।