শাহ আরেফিন টিলায় ফের পাথর উত্তোলন
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় (শারফিন টিলা) অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে সাতজন নিহত হওয়ার পর আবার পাথর তোলা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার টাস্কফোর্স সেখানে অভিযান চালিয়ে ১৫টি ট্রাক্টর, ২টি বোমা মেশিন ও ১০টি শ্যালো মেশিন ধ্বংস করেছে।
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ ও সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদ হাসান খান। গতকাল অভিযানের সময় টিলা থেকে উত্তোলিত পাথরসহ দুটি ট্রাক্টর জব্দ করা হয় এবং টিলা কাটার অভিযোগে একজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্ত ধসে নিহত হন আরেক শ্রমিক। এরপর ২ মার্চ তৃতীয় দুর্ঘটনায় ইয়াকুব আলী (৩০) নামের একজন পাথর ব্যবসায়ী নিহত হন।
কোম্পানীগঞ্জের ইউএনও মুহাম্মদ আবুল লাইছ বলেন, দুর্ঘটনার পর থেকে টিলা এলাকায় জনগণের চলাচল নিষিদ্ধ করা হয়। দুই মাস পর সম্প্রতি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চক্রের পাথর তোলার খবর পেয়ে গতকাল টাস্কফোর্সের অভিযান চালানো হয়।