শাহ আলম রিমান্ডে ওসির বিরুদ্ধে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা, আলামত নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও উপপরিদর্শক মুজিবুর রহমানের বিরুদ্ধে কিশোরীর মায়ের করা মামলা গতকাল খারিজ করে দিয়েছেন আদালত।
বাদীর আইনজীবী এরশাদুর রহমান প্রথম আলোকে জানান, আদেশে বিচারক উল্লেখ করেছেন কিশোরী ধর্ষণের অভিযোগে উচ্চ আদালতে রিট করাসহ মামলা করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় একই ঘটনায় নতুন করে মামলা নেওয়ার সুযোগ নেই।
রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে মামলা না নিয়ে কিশোরীর ভাইকে আসামি করার জন্য তার মায়ের কাছ থেকে জোর করে সাক্ষ্য নেয় বলে অভিযোগ উঠেছে। এতে তোলপাড় সৃষ্টি হলে কিশোরীর মা ২৫ মে শাহ আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত বুধবার রাতে আন্দরকিল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।