শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, প্রহরী আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার রাতে চুরি হয়েছে। চোরেরা কার্যালয়ের কক্ষ থেকে তিনটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।
শাহজাদপুর থানার পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ের কক্ষের জানালার গ্লাস ও গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢুকে তিনটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়।
নিরাপত্তাপ্রহরী বাবু মিয়া জানান, রাতে দায়িত্ব পালন করার পর ভোর চারটার দিকে কার্যালয়ের জানালা ভাঙা দেখতে পান। বিষয়টি সকালে পিয়ন আশরাফ আলীকে জানান। পরে আশরাফ আলী তালা খুলে দেখতে পান তিনটি কম্পিউটার নেই। এ সময় আলমারিতে রাখা কাগজপত্র মেঝেতে ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চারদিকে নিরাপত্তাবেষ্টনী না থাকায় এলাকার কিছুসংখ্যক নেশাগ্রস্ত লোক হাসপাতাল চত্বরে এসে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এদের বাধা দেওয়ায় এ চুরি হয়ে থাকতে পারে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই জানান, হাসপাতালের কর্মরত নিরাপত্তাপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।