শাহজাদপুর থানার ওসির অপসারণ দাবি
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়াকে অপসারণের দাবি জানানো হয়েছে। উপজেলা টাউন হলে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ ব্যাপারে ওসি গোলাম কিবরিয়া বলেন, মাদকসেবীকে আটক করার পর তাঁকে ছাড়িয়ে নিতে যুবলীগ নেতা ইউনুস তদবির করেন। তাঁকে ছেড়ে না দেওয়ায় ওই নেতা ক্ষিপ্ত হয়ে আমাকে অপসারণের দাবি তুলছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত সোমবার পৌর শহরের স্বর্ণকার পট্টি থেকে কানু চন্দ্র সূত্রধরকে দোকানে কর্মরত অবস্থায় ওসি গোলাম কিবরিয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া ধরে নিয়ে যান। কেন ধরে নিয়ে যাওয়া হলো এ বিষয়ে জানার জন্য থানায় গেলে এসআই সাজু বলেন, তাঁর কাছে গাঁজা পাওয়া গেছে। সেই কারণে ধরে আনা হয়েছে। টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। এ সময় ওসি গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলতে গেলে উল্টো তিনি এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কানু চন্দ্রকে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস আলী বলেন, ‘ওসি গোলাম কিবরিয়া বলেছেন, আমি এই থানায় ২০ লাখ টাকা দিয়ে এসেছি। শাহজাদপুর আওয়ামী লীগ আমিই চালাই। কাজেই দলীয় কোনো পরিচয় দিয়ে লাভ হবে না।’ ইউনুস আরও বলেন, ‘এই ওসি টাকার বিনিময়ে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। বিভিন্ন সময় লোকজনকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছেন। আমরা তাঁর দ্রুত অপসারণ দাবি করছি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’