শাহজাদপুরে অপহৃত ব্যবসায়ী নাটোরে উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে অপহৃত ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৪৮) উদ্ধার করা হয়েছে। অপহরণের আট দিন পর গত সোমবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাস্তলপাড়া গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার কাশাহাটা গ্রামের ফয়সাল (৩৪), বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়া গ্রামের এনামুল হক (৩০) ও একই উপজেলার মহিষরৌহালী গ্রামের হাফিজুল ইসলাম (২০)। এঁদের মধ্যে ফয়সালকে গুলিবিদ্ধ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২০ অক্টোবর শাহজাদপুর উপজেলার মহারাজপুর গ্রামের কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে উপজেলা সদরে আসার পথে অপহরণ করা হয়। পরে তাঁর ছেলে সরাফ উদ্দীনের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। একপর্যায়ে মুক্তিপণের বিষয়ে অপহরণকারীদের সঙ্গে ১০ লাখ টাকায় রফা হয়।