শাহজাদপুরে আ.লীগের নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলীকে (৩৮) দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার সায়েস্তাবাদ গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর দুই সহযোগী মনজু ফকির ও আব্দুল কুদ্দুস দুর্বৃত্তদের হামলায় আহত হন।
গ্রামের আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত কোরবান সরাতৈল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কোরবান আলী গত সোমবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তাঁর দুই সহযোগী মনজু ও কুদ্দুস ছিলেন। বাজার থেকে ৫০০ গজ দূরে সায়েস্তাবাদ গ্রামের কাছে পৌঁছালে ওত পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তিনজনকে ঘিরে ফেলে মারধর শুরু করে। একপর্যায়ে কুদ্দুস পালিয়ে যেতে সক্ষম হন। মজনুকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয় দুর্বৃত্তরা। কিন্তু কোরবানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতার ঘাড়ের পেছনের দিক থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তাঁকে সড়কে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত কোরবানের ভাই নবীর হোসেন, বোন আসমা বেগম ও স্ত্রী নার্গিস বেগম অভিযোগ করেন, এই গ্রামের ডোকলাগোষ্ঠী ও মোল্লাগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। কোরবান ডোকলাগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন। এই দ্বন্দ্বের জের ধরে ২০১২ সালে এক সংঘর্ষে দুজন নিহত হন। এরপর থেকে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে কোরবানকে তিনবার হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ। তাই তিনি সব সময় বেশি লোক নিয়ে চলাফেরা করতেন। গত সোমবারই তাঁর সঙ্গে মাত্র দুজন ছিলেন। এই সুযোগটি নেয় প্রতিপক্ষ। এ ঘটনায় কোরবানের মেজভাই মাজন আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বাদী মাজন আলী বলেন, দীর্ঘ চার বছর ধরে গ্রামের মোল্লাগোষ্ঠী ও ডোকলাগোষ্ঠীর মধ্যে বজায় থাকা বিরোধ মীমাংসা হয়ে গিয়েছিল। তারপরও মোল্লাগোষ্ঠীর লোকজন ভয়ভীতি দেখিয়ে যেত। বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার পর গ্রামের একটি অংশ বাইরে অবস্থান করছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামে দীর্ঘদিন ধরে মোল্লা ও ডোকলাগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত ২০১২ সালে দুটি খুনও হয়। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, শাহজাদপুর থানা সার্কেলের এএসপি আবুল হাসনাত গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।