শাহজাদপুরে এক নারীকে অপহরণের অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী (৪০) অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত নারীর মা শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। দুই বছর আগে অপহৃত ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে তিনি মায়ের সঙ্গে বসবাস করে আসছিলেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, ওই নারী বেড়া বাজারে দরজির কাজ করতেন। গত শনিবার বিকেলে ওই নারী কাজ শেষে বেড়া উপজেলা থেকে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গঙ্গাপ্রসাদ নামক স্থানে পৌঁছালে ৮-৯ জনের একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে ওই নারীকে জোর করে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না।
মামলার বাদী অপহৃত নারীর মা বলেন, জমিজমা নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাঁর পরিবারের। এই বিরোধের জের ধরে অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপহরণ
মামলা হয়েছে। অপহৃত নারীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা
যাচ্ছে না।