শাহজাদপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মুন্নী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের কারণে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে হত্যা করেছে বলে মুন্নীর বাবার অভিযোগ। আজ রোববার দুপুরে উপজেলার বাড়াবিল প্যাচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্নীর বাবা খোরশেদ আলী বলেন, ছয় বছর আগে মুদি দোকানদার এরশাদ আলীর সঙ্গে মুন্নীর বিয়ে হয়। বিয়ের সময় ৪০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর আরও যৌতুকের জন্য এরশাদ মুন্নীকে চাপ দিতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

খোরশেদ আলী জানান, কিছুদিন ধরে মুন্নীকে আরও যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আজ রোববার সকালে বিষয়টি নিয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ঝগড়া হয় তাঁর। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বেদম মারধর এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তাঁর লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে সবাই পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মুন্নীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় খোরশেদ আলী মুন্নীর স্বামী এরশাদ এবং তাঁর মা-বাবাকে আসামি করে একটি মামলা করেছেন।