শাহজাদপুরে জমি নিয়ে বিরোধে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভুলবয়রা গ্রামে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলম (২৮) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর ওই গ্রামের আনছার আলীর ছেলে।
এ ঘটনায় জাহাঙ্গীরের ছোট ভাই জুয়েল রানা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গালা ইউনিয়নের ভুলবয়রা গ্রামের আনছার আলীর সঙ্গে একই গ্রামের মাজেদ আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হলেও মীমাংসা হয়নি। গত শুক্রবার বিষয়টি নিয়ে মাজেদ আলীর সঙ্গে আনছার আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনছারকে মাজেদ মারধর করেন। এ ঘটনায় আনছারের ছেলে জাহাঙ্গীর আলম গত সোমবার শাহজাদপুর আদালতে মামলা করতে যান। এ খবর জানাজানি হলে মাজেদ ক্ষিপ্ত হন। গতকাল বিকেলে জাহাঙ্গীর শাহজাদপুর থেকে বাড়ি ফেরার পথে মাজেদ দলবল নিয়ে তাঁর (জাহাঙ্গীর) ওপর হামলা চালান। এ সময় ফালার আঘাতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মাজেদ পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই জুয়েল ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।