শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
sirajgonj
sirajgonj

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি থেকে মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার পৌর এলাকার পাড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেল্লাল হোসেন (৩৬), নূর আলম শেখ (৪০), সেলিম (২৭), আইয়ুব আলী (২০), রাজ্জাক (৩০), খলিল (৫০), সমিরন বেগম (৩৭), কনক খাতুন (২২), হাসানুর (২৭), আফান (৫০), শাহীন (২০), রানা (২৫), ওয়ায়জুল (৩০), শহিদুল (৩২) ও রেজাউল (৩৫)। এঁদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার শাহজাদপুর উপজেলার পাড়কোলা উত্তরপাড়া গ্রামের নূর আলম শেখের সরিষাখেত থেকে মাটি কেটে নেওয়ার চেষ্টা করে শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের পক্ষের লোক। এ সময় নূর আলম তাঁর লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই লাঠি, ফালা, হলঙ্গা, টেঁটা, বল্লম, রামদা, হাঁসুয়া, ঢাল, ইটপাটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালায়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নূর আলম শেখ জানান, তাঁর সরিষাখেত নষ্ট করে জোর করে জমি থেকে মাটি কেটে নেওয়ায় কাউন্সিলর বেল্লাল হোসেনকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তাঁর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চলালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর বন্ধু কামরুল হাসান বলেন, ওই জমির মাটি অগ্রিম কেনা হয়েছে। মাটি কাটতে বাধা দিলে এ সংঘর্ষ হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।