সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তর্ক-বিতর্কের জের ধরে গতকাল শনিবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা গ্রামের হানিফ উদ্দীন ও ইউসুফ মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোয়াকোলা গ্রামের ইউসুফ আলী মোল্লা (৬৫) ও মোজাম্মেল হক (৭০)। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
থানার পুলিশ সূত্র জানায়, মোয়াকোলা গ্রামের মাতব্বর ইউসুফ মোল্লা পক্ষের নুহু মোল্লা গত শুক্রবার পাশের বাঘাবাড়ী গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে একটি মাঠে কয়েক যুবককে আড্ডা দিতে দেখে তিনি তাঁদের বাড়ি ফিরে যেতে বলেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে যুবকেরা নুহু মোল্লার সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন ও তাঁকে অপমান করেন। তিনি বিষয়টি গ্রামের অন্যদের জানালে গতকাল সকালে একটি সালিসের আয়োজন করা হয়। এ ঘটনা গ্রামে জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সালিস শুরু হওয়ার আগে উভয় পক্ষের মধ্যে আবার তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই লাঠি, ফালা, বল্লম, রামদা, হাঁসুয়া ও ইটপাটকেল দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। প্রতিপক্ষের হামলায় ইউসুফ আলী মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান। মোজাম্মেল হককে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অন্যদের উদ্ধার করে শাহজাদপুর ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে জয়নাল আবদীন (৪০), মন্টু মিয়া (৩৮), জয়নাল মিয়া (৩৫) ও শহীদের (৬৫) অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে দুই পক্ষই হতাহত ব্যক্তিদের নিয়ে ব্যস্ত থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।