শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামে দুই পক্ষের মধ্যে (ব্যাপারী ও সর্দার গোষ্ঠী) সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত লোকজনের মধ্যে ২৮ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগতলা খেয়াঘাটের দোকানদার জগতলা সর্দার গোষ্ঠীর হেকমত আলী একই গ্রামের ব্যাপারী গোষ্ঠীর রফিকুল আলমের কাছে তাঁর দোকান থেকে বাকিতে নেওয়া মালের টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।
বিষয়টি নিয়ে বিকেলে স্থানীয় মাতবরেরা সালিস করেন। কিন্তু রফিকুলের পক্ষে ইদ্রিস আলী নামে ব্যাপারী গোষ্ঠীর একজন রায় সঠিক হয়নি উল্লেখ করে আপত্তি জানান। এতে সালিসে বসা লোকজন তাঁকে মারধর করেন।
ইদ্রিস আলী বিষয়টি গ্রামের বালিয়াটপাড়ার লোকজনকে জানালে ব্যাপারী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে খেয়াঘাটের কাছে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ লাঠি, ফালা, রামদা ও ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল আমিনের ভাষ্য, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।