শাহজাদপুরে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কারাগারে
ধর্ষণ মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী এই আদেশ দেন।
আদালতের আইনজীবী মশিউর রহমান বলেন, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়া উচ্চবিদ্যালয় থেকে ওই ছাত্রী গত ১৮ অক্টোবর বাড়ি ফেরার সময় সবুর মাস্টার তাঁর মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নয় দিন আটকে রেখে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২৭ অক্টোবর রাতে সবুর মাস্টার লোক মারফত ওই ছাত্রীকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে। একই সঙ্গে ধর্ষণের শিকার ওই ছাত্রী আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ ঘটনার পর থেকে সবুর মাস্টার পলাতক।
গতকাল সোমবার বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষ আপস-মীমাংসা করে আদালতে হাজির হন। আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে সবুর মাস্টারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।