শাহজাদপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
বিদ্যুতের দাবিতে এবং লোডশেডিংয়ের প্রতিবাদে শাহজাদপুর উপজেলাবাসী বিক্ষোভ মিছিল করে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করেন তাঁরা। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকালে পৌরসভার পাঁচটি মহল্লার বাসিন্দারাসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ মিছিল নিয়ে আঞ্চলিক কার্যালয়ে এসে সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কার্যালয়ে একটি স্মারকলিপি দেন তাঁরা। সমাবেশে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, আধা ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর তিন থেকে চার ঘণ্টা সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। সেই হিসাবে দিন-রাত মিলিয়ে ১২ ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।
আঞ্চলিক কার্যালয়টির উপমহাব্যবস্থাপক জুলফিকার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় ঘাটতি থেকে যাচ্ছে। তাই বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিং তুলে নেওয়া হবে।