সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে আবারও নয়জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে ময়েন উদ্দিনের একটি গাভি ১৫ মে অসুস্থ হলে সেই গরু জবাই করে এলাকায় মাংস বিক্রি করা হয়। এই মাংস কাটা, ধোয়া ও রান্নার কাজে জড়িত ব্যক্তিরা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা হলেন গাভির মালিক ময়েন উদ্দিন (৫৫), জাহিদুল ইসলাম (৩২), আয়েশা খাতুন (৫০), খুশি খাতুন (৫২), জাহিদ হোসেন (২৬), রবিউল (২৮), রহম শেখ (৫২), রেজাউল (২৫) ও সুমাইয়া (৬)।
শরীরে ক্ষত দেখা দিলে উল্লেখিত শিশুসহ নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা এসব মানুষের অ্যানথ্রাক্স রোগ হয়েছে বলে শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হওয়ায় রোগাক্রান্ত গাভি জবাই ও মাংস বিক্রির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান গাভির মালিক ময়েন উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এর আগে উপজেলার চর কৈজুরীতে অসুস্থ গরুর মাংস কাটা ও নাড়াচাড়া করায় ৩১ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুজ্জামান বলেন, এর আগেও এই এলাকায় অসুস্থ গরু জবাই না করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খবর দেওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। বিষয়টি তাদের না জানানোটা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করায় রোগাক্রান্ত হয়ে মারা যাওয়া গাভির মালিককে জরিমানা করা হয়েছে।