শাহজালাল থেকে ৬২ লাখ টাকার সিগারেট ও শাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট ও শাড়ি আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে আমদানি নীতিবহির্ভূত এসব পণ্য উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার করা ১ লাখ ৫৫ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেটের মূল্য প্রায় ৪৭ লাখ টাকা। এ ছাড়া ১৫ লাখ টাকা মূল্যের ২০৭টি ভারতীয় শাড়ি আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের তথ্যমতে, আটক করা সিগারেট মোট ১২টি লাগেজে করে আনা হয়। এর মধ্যে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইট কেইউ ২৮৩-এ আগত যাত্রী মো. সেলিম মিয়ার কাছ থেকে ২২৩ কার্টন সিগারেট আটক করা হয়। বাকি ৫৫৫ কার্টন ৪, ৬ ও ৮ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আটক করা লাগেজগুলো মধ্যপ্রাচ্য থেকে আসা এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ারের বিভিন্ন ফ্লাইটে করে গতকাল রাতের বিভিন্ন সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে।

গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট ১ থেকে ৮ নম্বরের ওপর সতর্ক দৃষ্টি রাখে। শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে লাগেজমালিকেরা তাঁদের মালামাল সংগ্রহ না করে বেল্টে ফেলে চলে যান। পরবর্তী সময়ে পরিত্যক্ত লাগেজগুলো কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং আমদানিনিষিদ্ধ সিগারেট আটক করা হয়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটক করা সিগারেট যুক্তরাষ্ট্রের ৩০৩, যুক্তরাজ্যের বেনসন অ্যান্ড হেজেস ও ৫৫৫, সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের। শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ৪৭ লাখ টাকা।

এ ছাড়া কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৯৬ ফ্লাইটে আগত দুজন যাত্রীর লাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৭ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি আটক করা হয়। শুল্ককরসহ আটক করা শাড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা। লাগেজ ট্যাগ দেখে দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।