শাহজালাল বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ নওশের রায়হান (৩৪) নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদ পেয়ে নওশেরকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে আটক করা হয়। তাঁর হাতব্যাগ থেকে ১৮ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, নওশের আজ সকালে বাংলাদেশ বিমানের বিজি ০০৮ নম্বর ফ্লাইটে করে থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার কথা ছিল। বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তাঁর হাতব্যাগ থেকে ৪৯ হাজার সৌদি রিয়াল, এক হাজার ইউরো, ১৩ হাজার কাতার রিয়াল, ২০ হাজার আরব আমিরাতের দিরহাম, ১ হাজার ৩৬০ থাই বাথ পাওয়া যায়।
মইনুল খান বলেন, তল্লাশির সময় বিদেশি মুদ্রা সম্পর্কে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি নওশের। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রাগঞ্জের পাঁচপাড়া এলাকায়। তিনি পুরান ঢাকার চকবাজারে প্রসাধন সামগ্রীর ব্যবসা করেন। সেখানে নাফিজ স্টোরস নামে একটি দোকান আছে তাঁর। নওশেরের পাসপোর্ট যাচাই করে দেখা যায় যে তিনি এ বছরে ১৯ বার দুবাই যাতায়াত করেছেন। মুদ্রা পাচারকারী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নওশেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।