শাহজালাল বিমানবন্দরে ১৯ কোটি টাকার সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ কেজি সোনা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজের যাত্রীর আসনের তলা থেকে শুল্ক বিভাগের কর্মকর্তারা এই সোনা আটক করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ হওয়া সোনার মূল্য ১৯ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকারের নেতৃত্বে প্রিভেনটিভ দল এই অভিযান চালায়। কাস্টম হাউসের এসি সন্তোষ সরেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা ছয়টা দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজটি ঢাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে এটিতে তল্লাশি করা হয়। এ সময় উড়োজাহাজের পাঁচটি আসনের নিচে ১৪টি প্যাকেট পাওয়া যায়। এ ছাড়া উড়োজাহাজের একটি টয়লেটের টিস্যু বক্সের পাশ থেকে আরও দুটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৬টি প্যাকেটের ভেতর ৩২০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। প্যাকেটগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল।
ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, এ বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় বড় সোনার চালান আটকের ঘটনা এটি। গত ১০ অক্টোবর ৪৫ কেজি সোনাসহ ই উইল কোং, জোহারি বিন হারুন ও মোহাম্মদ আজওয়ান বিন সালেহীন নামে মালয়েশিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। ওই সোনার আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি টাকা। এরপর গত ৬ নভেম্বর মালয়েশিয়া থেকে আসা রিজেন্ট এয়ারের একটি উড়োজাহাজের আসনের নিচে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।