শাহজালাল বিমানবন্দরে ৯৪ পাসপোর্ট উদ্ধার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির কাছ থেকে ৯৪টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। উদ্ধার হওয়া পাসপোর্টের মধ্যে ম্যানুয়াল ও মেশিন রিডেবল—দুই ধরনের পাসপোর্ট রয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামালের তথ্যমতে, আটক যাত্রীর নাম মঞ্জুরুল হক (৪১)। তিনি গতকাল রাত ১১টার সময় মালয়েশিয়া থেকে ঢাকায় আসা মালিন্দ এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকায় আসেন। ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি কার্টন মেশিনে স্ক্যান করার পর পাসপোর্ট থাকার ব্যাপারটি ধরা পড়ে। তখন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রিয়াজুল ইসলামের নেতৃত্বে কাস্টমস কর্মকর্তারা তাঁকে আটক করেন। তবে ওই কার্টনের গায়ে মীম এন্টারপ্রাইজ, ১১৫ / ২৩ ইনার সার্কুলার রোড, ঢাকা নামের একটি ঠিকানা লেখা ছিল।
মোস্তফা জামাল বলেন, ধারণা করা হচ্ছে আদম ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। মঞ্জুরুলই মূল হোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তথ্য দেন, মালয়েশিয়া থেকে এক ব্যক্তি বাক্সটি তাঁকে দিয়ে বলেন, ঢাকায় গিয়ে একজনকে ফোন করবেন এবং তাঁকে কার্টনটি দিয়ে দেবেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।