শাহজালাল বিমানবন্দরে 'মেঘদূতে' পরিত্যক্ত নয় কেজি সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজে আসনের নিচে নয় কেজি সোনা জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে
উড়োজাহাজে আসনের নিচে নয় কেজি সোনা জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে সোয়া নয় কেজি সোনা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নেপাল থেকে আসা ‘মেঘদূত’ নামের উড়োজাহাজের সিটের নিচে সোনার চালানটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক কর্তৃপক্ষের দাবি, জব্দ হওয়া সোনার দাম ৪ কোটি ৬৪ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসে মেঘদূত। ঢাকায় এসে দ্রুত বিমানটি আবার যাত্রী নিয়ে নেপালে চলে যায়। কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইটে বেলা দুইটার দিকে আবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল উড়োজাহাজটি তল্লাশি করেন। পরিত্যক্ত অবস্থায় ১৯ বি ও ১৯ সি নম্বর সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয়। প্যাকেট দুটিতে ৪০টি করে সোনার মোট ৮০টি বার ছিল। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।