শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উত্তম কুমার দাস নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় এই ধর্মঘটের ডাক দেন।
উত্তম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে উত্তম কুমার দাস সহসভাপতি অঞ্জন রায়সহ বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মা-মণি রেস্টুরেন্টে নাশতা করছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত উত্তমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর দুই হাত, পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিত্সার জন্য তাঁকে (উত্তম) ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা রেস্টুরেন্টে বসে নাশতা করার সময় কয়েকজন মুখোশধারী ব্যক্তি উত্তমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’
এদিকে এ হামলার প্রতিবাদে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন অঞ্জন রায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে বলা হয়েছে।’