শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি আবাসিক হলে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ এ অভিযান চালায়।
হল প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদের তিনটি আবাসিক হলে রোববার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে শাহপরান হল থেকে ১৪টি রামদা ও ৪৩টি লোহার পাইপ জব্দ করা হয়েছে। এ ছাড়া সৈয়দ মুজতবা আলী ও বঙ্গবন্ধু হল থেকে লোহার পাইপ জব্দ করেছে পুলিশ।
শাহপরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন বলেন, কিছু তথ্য-উপাত্তের ভিত্তিতে হলে অভিযান চালানো হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এখন থেকে প্রতিটি হলে ব্লক রেইড চলবে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অনুরোধে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সল মাহমুদের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন। হলগুলো থেকে রামদা, ছোরাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।