শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র উদ্ধার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। তবে অভিযান চলাকালে কোনো সাংবাদিককে হলে ঢুকতে দেওয়া হয়নি। অবশ্য অভিযান শেষে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি তুলতে হলের সামনে অস্ত্রগুলো এনে রাখে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের উপস্থিতিতে শাহপরান হলে অভিযান চালায় হল প্রশাসন। এ হলে অভিযান চলে বেলা দুইটা পর্যন্ত। বেলা পৌনে তিনটা থেকে সৈয়দ মুজতবা আলী হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ওই হল প্রশাসন। এ ছাড়া একই সময়ে বঙ্গবন্ধু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের উপস্থিতিতে অভিযান চলে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান শেষ হয়।
অভিযানে শাহপরান হল থেকে ২১টি রামদা, সাতটি ছুরি, ৪৩টি লোহার পাইপ ও ৪৪টি রড উদ্ধার করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু হল থেকে ৩৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি, ৩৭টি লোহার পাইপ ও ৮১টি রড এবং সৈয়দ মুজতবা আলী হল থেকে চারটি লোহার রড উদ্ধার করা হয়। হলগুলোর প্রাধ্যক্ষরা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ছাত্রীদের হলগুলো আজ খুলে দেওয়া হয়েছে। ছাত্রীরা হলে ফিরতে শুরু করেছেন। তবে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ছাত্রদের আবাসিক হল খুলে দেওয়া হবে।
আজ প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘৯৩ শতাংশ ছাত্র অবৈধভাবে ও ছাত্রীরা হলে থাকেন বৈধভাবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর এ প্রতিবেদন প্রকাশের দিনই হল প্রশাসন অভিযান চালায়।
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈধভাবে হলে উঠবেন। শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।