শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এক রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন ওরফে রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক।
বিনা টাকায় খেতে না পেরে মোশাররফ ছাত্রলীগের পাঁচ-ছয়জন নেতা-কর্মীকে নিয়ে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের ‘গোলাবী রেস্টুরেন্ট’ নামে এক রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালান। এতে ওই রেস্তোরাঁর দুই কর্মী আহত হন। এর দুই দিন পর তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, গতকাল উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় মোশাররফকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।