শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রীকে মারধর, নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী লাঞ্ছনার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কটূক্তির পাশাপাশি ওই ছাত্রীকে মারধরও করেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রী গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও লাঞ্ছনার শিকার ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী তাঁর এক বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গল্প করছিলেন। এ সময় হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র রিফাত আদনান সেখানে এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। অশ্লীল কটূক্তির পাশাপাশি একপর্যায়ে রিফাত পায়ের জুতা খুলে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করেন।

>অশ্লীল কটূক্তির পাশাপাশি একপর্যায়ে রিফাত পায়ের জুতা খুলে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করেন

একই সূত্র জানায়, মারধর শুরু করলে ছাত্রীটি ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের মানুষ এবং ওই ছাত্রীর বন্ধুরা এসে তাঁকে উদ্ধার করেন। মানুষের উপস্থিতি টের পেয়ে রিফাত দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হককে মৌখিকভাবে জানান। তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে অবহিত করেন।
ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক বলেন, ‘ওই ছাত্রী সোমবার দুপুরে একটি লিখিত অভিযোগ করেছে। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। অভিযোগ পেয়েই অভিযুক্ত ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের জবাবে রিফাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।