শাহজালালে আড়াই কেজি সোনাসহ যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার সকালে শুল্ক কর্মকর্তারা প্রায় আড়াই কেজি সোনাসহ আজিজুর রহমান (৩০) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন।
শুল্ক কর্মকর্তারা বলেন, গত বুধবার রাতে ওমান থেকে রিজেন্ট এয়ারের একটি উড়োজাহাজ চট্টগ্রামে আসে। চট্টগ্রামে যাত্রাবিরতি শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উড়োজাহাজটি ঢাকায় আসে। চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে উড়োজাহাজে উঠেছিলেন আজিজুর। গোপন তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের আগমনী লাউঞ্জে আজিজুরকে তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা। এ সময় তাঁর পোশাকে লুকানো ২২টি সোনার বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। সব মিলিয়ে ওজন প্রায় আড়াই কেজি। এর দাম সোয়া কোটি টাকা।
আহসানুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুর বলেন, উড়োজাহাজে থাকা এক যাত্রী তাঁকে সোনার বারগুলো দিয়েছেন। সোনার বারের এই চালান ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। অবশ্য জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তিনি তাঁদের কারও নাম-পরিচয় জানেন না। আজিজুর পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি।