শাহজালালে আড়াই কেজি সোনাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার আড়াই কেজি সোনাসহ শ্যামল পাল (২৯) ও মোল্লা হাশেম (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগ।

শুল্ক বিভাগের দাবি, উদ্ধার করা সোনার দাম ১ কোটি ৩০ লাখ টাকা।

আজ বেলা ১১টার দিকে প্রায় আধা কেজি সোনাসহ দুবাই থেকে আসা যাত্রী শ্যামল পালকে আটক করে শুল্ক বিভাগ।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব-এ-খোদা প্রথম আলোকে জানান, শ্যামল পাল তাঁর দুই পায়ের জুতার ভেতরে সোনার পাঁচটি বার লুকিয়ে রেখেছিলেন। পুরো শরীর তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৮৫ গ্রাম। তাঁর দাবি, পাঁচটি সোনার বারের দাম ৩০ লাখ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সকাল পৌনে নয়টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা যাত্রী হাশেম মোল্লাকে দুই কেজি সোনাসহ আটক করে শুল্ক কতৃ‌র্পক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন জানান, কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানে করে আজ সকাল আটটায় বিমানবন্দরে নামেন মোল্লা হাশেম। পৌনে নয়টার দিকে মালামাল স্ক্যানিং করার সময় তাঁর ব্যাগে থাকা ইস্ত্রির ভেতর ২০টি সোনার বার পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর দাবি, উদ্ধার করা সোনার দাম এক কোটি টাকা।

গতকাল শুক্রবার দুপুরে প্রায় তিন কেজি ওজনের সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করে শুল্ক বিভাগ।