শাহজালালে এক ঘণ্টায় আট কেজি সোনা আটক
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার পৃথক দুটি ঘটনায় আট কেজি সোনাসহ এক মালয়েশীয় নারীসহ দুজনকে আটক করেছে শুল্ক বিভাগ।
দুপুর সাড়ে ১২টার দিকে ছয় কেজি সোনাসহ রাজা বাসনিলা বিনতি রাজা মালেক (৫৩) নামের এক মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এর এক ঘণ্টা পর মিজানুর রহমান নামের আরেক যাত্রীর কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগের দাবি, এসব সোনার মূল্য চার কোটি টাকা।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে রাজা বাসনিলা মালয়েশিয়ান এয়ারলাইনসে করে ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলে তাঁর সঙ্গে মালামাল তল্লাশি করা হয়। পরে শুল্ক বিভাগের নারী সদস্যরা বাসনিলার কাছ থেকে সোনার ছয়টি বার পান। এক কেজি ওজনের ছয়টি সোনার বার বাসনিলা তাঁর শরীরের বিভিন্ন অংশে বেঁধে নিয়ে এসেছিলেন।
এদিকে, বেলা দেড়টার দিকে ইতালি থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে দুই কেজি সোনা পাওয়া যায়। একটি জগের ভেতরে সোনাগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, এসব ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।
এক দিন আগে গতকাল সোমবার প্রায় দুই কেজি সোনাসহ বশির আহমেদ (৪০) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে শুল্ক বিভাগ।