শাহজালালে ছাত্রলীগের ধর্মঘট, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ছাত্রলীগ। একই সঙ্গে তাঁরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। ছাত্রলীগ নেতা উত্তমকুমার দাসকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল গভীর রাতে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে বোমা তৈরির সরঞ্জাম ছিল বলে পুলিশ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে ছাত্রলীগ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়কে অবরোধ চলছিল। সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাসে ঢুকতে বা বের হতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন। রাস্তায় বিক্ষোভ করছে। বড় ধরনের কোনো অঘটন যাতে না ঘটে, সে জন্য প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে তিনি জানান।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

গতকাল বুধবার ছাত্রলীগের নেতা উত্তমকুমার দাসকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সন্দেহে জাবেদুল নামের এক শিবির-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক প্রদীপ সরকারের ভাষ্য, গতকাল গভীর রাতে বোমা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে।

এদিকে আহত উত্তমকুমার দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে উত্তমের সঙ্গে থাকা ছাত্রলীগের সাবেক নেতা রাশেন্দ্র দাস প্রথম আলোকে জানান, উত্তমের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন এসব পরীক্ষার ফলাফল দেখে তাঁর অবস্থা সম্পর্কে মন্তব্য করা যাবে।

উত্তম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। গতকাল রাতে উত্তমকুমার দাস সহসভাপতি অঞ্জন রায়সহ বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মা-মণি রেস্টুরেন্টে নাশতা করছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত উত্তমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর দুই হাত, পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।