শাহজালালে তিন কেজি কোকেনসহ স্পেনের নাগরিক গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কোকেনসহ স্পেনের একজন নাগরিককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তার স্প্যানিশ নাগরিকের নাম বি পি জুলিয়ান (৪৭)। উদ্ধার হওয়া কোকেনের দাম প্রায় ৬০ কোটি টাকা।
মাদক চোরাচালান প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির তথ্যের ভিত্তিতে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ তৌফিকউদ্দিন আহমেদ। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ও শুল্ক কর্মকর্তাদের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁরা বিকেলে বিমানবন্দরে অবস্থান নেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ব্রাজিল হয়ে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। নির্ভুল তথ্য থাকার কারণে স্পেনের ওই নাগরিক লাগেজটি নিয়ে বের হওয়ার সময় তাঁকে তাঁরা চ্যালেঞ্জ করেন। তাঁর ব্যাগের ভেতর তিন কেজি গুঁড়ো কোকেন পাওয়া যায়। পরে কিট দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এগুলো কোকেন।
কামরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে জুলিয়ান জানান, তিনি ব্রাজিলের সাও পাওলো থেকে এই কোকেন নিয়ে এসেছেন। গুলিস্তানের কাছে প্যাসিফিক হোটেলে ওঠার কথা ছিল তাঁর। পরে এই কোকেন নিয়ে তাঁর ইউরোপে যাওয়ার কথা।
বাংলাদেশকে কোকেন পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কোকেন পাচারের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে আজ বুধবার তাঁকে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছেন।