শাহজালালে দুই লাখ সৌদি রিয়ালসহ এক ব্যক্তি আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার রাতে দুই লাখ ২৭ হাজার সৌদি রিয়ালসহ মালয়েশিয়াগামী এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক যাত্রীর নাম টিপু সুলতান (৪০)। তাঁর বাড়ি কুমিল্লায়।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে জানান, মালিন্দো এয়ারলাইনসের একটি বিমানে করে রাত নয়টার দিকে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল টিপু সুলতানের। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। তিনি দুটি ব্যাগে এসব সৌদি রিয়াল রেখেছিলেন।
জিয়াউদ্দিন আরও বলেন, ১৫টি বান্ডিলে থাকা সব নোটই ৫০০ রিয়ালের। তিনি বলেন, টিপু সুলতান মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায়ই তিনি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।