শাহজালালে পাঁচ কেজি সোনাসহ মালয়েশিয়ার নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি সোনাসহ মালয়েশিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম লুই কুন হং (৩৩)। গ্রেপ্তারের পর আদালতের অনুমতি নিয়ে মালয়েশীয় ওই নাগরিককে এখন জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দর থানা-পুলিশ।

আজ মঙ্গলবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা সাঈদ মাহবুব শিবলু প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার ওই নাগরিকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। ওই আসামি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, রোববার রাত একটার দিকে বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন লুই কুন হং। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ৫ কেজি ৪৮৭ গ্রাম সোনা। পরের দিন সোমবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বিমানবন্দর থানা-পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন পেশাদার আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা এনে কর ফাঁকি দিয়ে কালোবাজারে তিনি বিক্রি করে আসছিলেন। এ চক্রের মূল হোতাকে খুঁজে বের করার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে তিন দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ান নাগরিককে এখন তিনি জিজ্ঞাসাবাদ করছেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছেন, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাঈদ মাহবুব শিবলু প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ান নাগরিক লুই কুন হং গত ছয় মাসে বাংলাদেশে ভ্রমণ করেছেন পাঁচ বার। অথচ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন না। পর্যটন ভিসায় তিনি বাংলাদেশে এসেছেন বারবার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে মালয়েশিয়ান নাগরিক লিখিতভাবে স্বীকার করেছেন, তিনি জুতার ভেতরে করে সোনা এনেছেন।