শাহজালালে পৌনে দুই কেজি সোনাসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি সোনার বার ও গয়নাসহ ছয়জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তাঁদের আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন পৌনে দু‌ই কেজি বলে জানিয়েছে এপিবিএন।

আটক যাত্রীরা হলেন, কামরুল হাসান (৫২), তাঁর স্ত্রী ইসমত আরা (৪০), মহসিন বাদল (৪৫), তাঁর স্ত্রী জেসমিন বাদল (৪২), মজিবুর রহমান (৪৮) ও মো. আজাদ (৫২)। যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে এসব সোনা ও গয়না লুকিয়ে রেখেছিলেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসেন ওই ছয় যাত্রী। প্রায় দেড় ঘণ্টা পর বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে তাঁদের আটক করা হয়। যাত্রীদের কাছ থেকে এক শ গ্রাম ওজনের ১৪টি সোনার বার ও ৩০০ গ্রাম ওজনের গয়না উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।

২৮৬ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার
বিমানবন্দরে মো. শহীদ নামে এক যাত্রীর কাছ থেকে ২৮৬ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মো. শহীদ আসেন। বিমানবন্দরে স্ক্যান করার সময় সিগারেটের কার্টুনগুলো উদ্ধার করা হয়। তবে এর আগেই শহীদ পালিয়ে যান। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ফরিদ আল মামুনের ভাষ্য, জব্দ করা সিগারেটের মধ্যে বেনসনের কার্টন ছিল ২৫৩টি ও ইজি ব্র্যান্ডের কার্টন ছিল ৩৩ টি। এগুলোর মূল্য সাত লাখ টাকা।