শাহজালালে পৌনে দুই কোটি টাকার সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে সৌদি আরব থেকে ঢাকায় আসা ওই যাত্রী থেকে এসব বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউসের সহাকারী কমিশনার আল আমিন বলেন, আজ বিকেলে ৩টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মো. দিদার নামের এক যাত্রী রিয়াদ থেকে ঢাকায় আসেন। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। দিদারের সঙ্গে থাকা দুটি লাগেজে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
সহাকারী কমিশনার আল আমিন আরও বলেন, লাগেজ দুটির মধ্যে দুটি প্যাকেটে বারগুলো রাখা ছিল। এর একটিতে ১৫টি বার, আরেকটিতে ১৬টি বার রাখা ছিল। সোনার বারগুলোর মোট ওজন তিন কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য পৌনে দুই কোটি টাকা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।