পুরোনো বলে আরও ১৯টি অস্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ১৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ১৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি করা ১৯টি অস্ত্র জব্দের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিট থেকে এসব অস্ত্র জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, জব্দ হওয়া অস্ত্রগুলো আমদানি নিষিদ্ধ পিস্তল। বায়তুল মোকারমের মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান অস্ত্রগুলো আমদানি করে। একই প্রতিষ্ঠানের দুটি পিস্তল ৯ জুলাই বিমানবন্দরে জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এ নিয়ে প্রতিষ্ঠানটির ২১টি অস্ত্র জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি ও পাঁচটি এইচকে ফোর ব্র্যান্ডের।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার অস্ত্র বিশেষজ্ঞরা আজ এগুলো পরীক্ষা করেন। অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরোনো ও ফ্যাব্রিকেটেড। একই সঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর আলাদা। আমদানিকারক প্রতিষ্ঠান ১৯টি অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমদানি নীতি আদেশ অনুযায়ী, পুরোনো ও অকার্যকর অস্ত্র আনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাকি ৩৭টি অস্ত্রের বৈধ কাগজ পাওয়া গেছে। পুরোনো অস্ত্র আমদানির কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ১৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ১৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

আজ ১৯টি অস্ত্র জব্দের পর ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে আগে দুটি পিস্তল জব্দের পর আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা ইন্টারনেটে ছবি দেখে অস্ত্র বাছাই করেন। এরপর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে কোম্পানি ঢাকায় অস্ত্রগুলো পাঠিয়ে দেয়। এভাবেই কয়েক বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন। কোনো কোম্পানিই কখনো নতুন বলে পুরোনো অস্ত্রের চালান পাঠায়নি। এবারও এমনটি হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘তবে সরকারি কর্মকর্তারা যেহেতু এই অভিযোগ তুলেছেন, তাঁদের প্রতি আমার সম্মান ও আস্থা আছে। তাঁরা যেভাবে বলবেন, আমি সেভাবেই করব। আমার সব কাগজপত্রই ঠিক আছে। কারণ, বৈধ সব কাগজপত্র ছাড়া ইউরোপের একটা দেশ থেকে অস্ত্রের চালান নিয়ে আসা খুবই কঠিন। ইউরোপে বিভিন্ন রকম কাগজপত্র দেখে, যাচাইয়ের পরেই তারা অস্ত্রের চালান আনার অনুমতি দেয়।’ তিনি বলেন, ‘সুকৌশলে খালাসের যে কথা বলা হয়েছে, সেটি শুনে মর্মাহত হয়েছি।’