শাহজালালে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গতকাল শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রলিব্যাগ ভর্তি বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় ৩২ লাখ টাকা।
আটক যাত্রীর নাম শহিদুল আলম। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি এমিরেটসের বিমানে করে দুবাই যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে অনুসরণ করে বোর্ডিং ব্রিজে আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তারা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালো রঙের হ্যান্ড ট্রলিব্যাগে বিদেশি মুদ্রা সৌদি রিয়াল থাকার কথা অস্বীকার করেন শহিদুল। পরে স্ক্যানিং করে ব্যাগের ভেতর কাগজের মুদ্রার অস্তিত্ব লক্ষ করা যায়।
শহিদুল আলমের একটি ট্রলির ভেতর আরেকটি ছোট ট্রলি পাওয়া যায়। দুটি ট্রলির ভেতর নিচের দিকে সুকৌশলে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে স্তরে স্তরে বিদেশি মুদ্রা লুকানো ছিল ।
মুদ্রা পাচারজনিত চোরাচালান ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি এক বছরে ৪০ বার দুবাই যাতায়াত করেছেন।