শাহজালালে যাত্রীর শরীরে ৯ কেজি সোনা
আবারও সোনা উদ্ধার হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বুধবার দুই দফা সোয়া সাত কেজি সোনা উদ্ধারের পর, মধ্যরাতে আবারও এক যাত্রীর শরীর থেকে নয়টি বার ও ২৭৮ গ্রামের এক খণ্ড সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
আটক যাত্রীর নাম সানা সিরাজুল ইসলাম (৪১)। পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে গতকাল মধ্যরাতে শাহজালালে আসেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা দল সিরাজুল ইসলামকে শনাক্ত করে। কাস্টমস হলে নিয়ে তাঁর শরীর তল্লাশি করে এক কেজি করে ওজনের নয়টি সোনার বার ও ২৭৮ গ্রামের একটি টুকরা পাওয়া যায়। অর্থাৎ মোট ৯ কেজি ২৭৮ গ্রাম সোনা পাওয়া যায় তাঁর কাছ থেকে।
শুল্ক গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, আটক সোনার মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা।
গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৬০০ গ্রাম সোনাসহ আটক করা হয় দুই নারীকে। যার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। পরে গতকাল বিকেলেই এই বিমানবন্দরের শৌচাগারে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।