শাহজালালে শতাধিক কচ্ছপসহ দুই ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিরল প্রজাতির ১১৩টি কচ্ছপ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব কচ্ছপ পাচারের চেষ্টার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মুবারক আলী (৪৬) ও আসিফ আলাউদ্দিন (২৭)।
কালো চিত্রা প্রজাতির এই কচ্ছপগুলো পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরে উপস্থিত বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া কচ্ছপের মূল্য প্রায় ছয় লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, বিমানবন্দরের ৬ নম্বর বহির্গমন গেটে চারটি ট্রলিতে পলিথিনে মুড়িয়ে ছোট আকারের কচ্ছপগুলো মালিন্দ এয়ারে করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা  জানান, বাংলাদেশের রাজেশ চক্রবর্তী কচ্ছপগুলো মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য তাঁদের কাছে দিয়েছিলেন। রাজেশ চক্রবর্তীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান তানজিনা আক্তার। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।