শাহজালালে সংঘর্ষের ঘটনায় আরও এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা দুটি মামলায় জাহিদ হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের সুরমা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশ। জাহিদ বিশ্ববিদ্যালয়ের পরিবশে ও বন বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

জাহিদকে নিয়ে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে দুই দিন করে রিমান্ডে ও একজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার বিভিন্ন ভিডিওচিত্র ও স্থিরচিত্রে জাহিদকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। পুলিশ এসব ভিডিওচিত্র ও স্থিরচিত্র দেখে তাঁকে শনাক্ত করে। গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই প‌ক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে করা দুটি মামলাতেই জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোবাইলে যোগাযোগ করা হলে জালালাবাদ থানার উপপরিদর্শক ও কর্তব্যরত কর্মকর্তা প্রদীপ সরকার জানান, আজ বিকেলে জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সুমন চন্দ্র দাস নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হন। ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনি‌র্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় সিলেটের মহানগর পুলিশের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি, পুলিশ দুটি ও নিহত সুমন চন্দ্র দাসের মা বাদী হয়ে একটি মামলা করেন।

আরও পড়ুন