শাহজালালে সাড়ে আট কেজি সোনাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে আট কেজি সোনাসহ চারজনকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মাইন উদ্দিন (৪২), তাঁর স্ত্রী আবিদা সুলতানা (৩৩) ও তাঁদের সন্তান মুজাক্কির মইন (৫) এবং পলি রানী (২৫)।

ঢাকা কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৮৭) আজ সকাল সাতটায় ঢাকায় আসে। সোনাসহ আটক হওয়া চারজন ওই ফ্লাইটের যাত্রী ছিলেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, একই পরিবারের তিন সদস্য স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তানের কাছ থেকে সোনার ১০টি বার ও কিছু গয়না উদ্ধার করা হয়েছে। এর ওজন ৩ কেজি ৯৭৫ গ্রাম। দাম ১ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন বলেন, একই পরিবারের তিন সদস্য ছাড়া আটক হওয়া পলি তাঁর লাগেজে করে প্রায় সাড়ে চার কেজি ওজনের সোনার বার ও অলংকার আনেন। এর দাম প্রায় সোয়া দুই কোটি টাকা।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।