শাহজালালে সাড়ে সাত কেজি সোনাসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে ৬৪টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। দুবাই থেকে আসা এই যাত্রীর নাম আবদুল লতিফ (৩৭)।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন সাত কেজি ৫০০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
আজ সকাল সাড়ে আটটার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে থেকে আবদুল লতিফকে আটক করে।
মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, এমিরেটস এয়ারলাইনসের এই যাত্রী প্রথমে তাঁর সঙ্গে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তাঁর মালামাল তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। আবদুল লতিফ বেনসন সিগারেটের তিনটি প্যাকেটের ভেতরে স্কচটেপে জড়িয়ে সোনার বারগুলো এনেছিলেন। মাত্র ১২ দিন আগে লতিফ দুবাই গিয়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
এ ঘটনা একটি মামলা হবে বলে জানান তিনি।