শাহজালালে সোনা ও সিগারেটসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা, বিদেশি সিগারেট ও ওড়নাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। 
বিমানবন্দর এপিবিএনের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
আটক হওয়া দুই যাত্রী হলেন ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০)। তাঁরা সকাল সাড়ে সাতটায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
বিমানবন্দর এপিবিএনের ভাষ্য, আটক হওয়া দুই যাত্রীর কাছ থেকে তিনটি বারসহ ৪০০ গ্রাম ওজনের সোনা, ৮৩ কার্টন সিগারেট ও ১০০টি ওড়না জব্দ করা হয়েছে।
আটক হওয়া দুই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর এপিবিএন।